সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নিন্দা
সড়কে প্রাইভেট কার চাপায় বরিশাল হাতেম আলী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাদিম হোসেন নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
বুধবার সাড়ে ৫ টায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব ও প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার এক বিবৃতিতে এ নিন্দা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সড়কে এরকম তাজা প্রাণ ঝড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। অনিরাপদ সড়ক ব্যবস্থাপনা সারাদেশে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মৃত্যুফাঁদ হয়ে দাড়িয়েছে। বরিশালও এর ব্যতিক্রম নয়। বিএম কলেজের সামনে সারাবছরই শিক্ষার্থীদের চলাফেরা বেশি থাকে। কিন্তু সেই উন্নয়নের মহাসড়কে নাই কোনো স্পিড ব্রেকার, নাই পারাপারের জন্য ওভার ব্রিজ। একই অবস্থা হাতেম আলী কলেজ চৌমাথাতেও।
নিরাপদ সড়ক আন্দোলনে শিক্ষার্থীরা সড়কে নিরাপত্তার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করলেও স্থানীয় প্রশাসন বা সিটি কর্পোরেশন সেই দিকে কর্ণপাত করেনি। আবার সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রনে গতি নিয়ন্ত্রণ,গাড়ির ফিটনেস নিশ্চিত না করা সুষ্ঠু তদন্ত না করা এবং বিচারহীনতার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা হয়ে উঠেছে বেপরোয়া।
নেতৃবৃন্দ অবিলম্বে নাদিম হোসেন হত্যায় জড়িতদের গ্রেফতার, সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীসহ সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
উল্লেখ্য, হাতেম আলী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী নাদিম হোসেন বিএম কলেজে পরীক্ষা শেষে মসজিদ গেট থেকে বের হওয়ার সময় পিছন দিক থেকে একটি প্রাইভেট কার এসে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষার্থী নাদিমকে মৃত ঘোষণা করে।
এসএম