ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

গৌরনদীতে পূজা অনুষ্ঠানে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা

গৌরনদীতে পূজা অনুষ্ঠানে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলা সদরের চর গাধাতলী গ্রামের একটি কালি মন্দিরে অনুষ্ঠিত বাৎসরিক কালি পূজার অনুষ্ঠানে মঙ্গলবার দিবাগত রাতে অসংখ্য ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মন্দিরের ভক্ত ও পূজারীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী মন্দিরের পুজারী উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রেমানন্দ ঘরামী জানান, চর গাঁধাতলী গ্রামের সার্বজনিন শ্রী শ্রী তারা মায়ের মন্দিরের (কালি মন্দির) বাৎসরিক কালী পুজা চলাকালে মঙ্গলবার রাত ৯টার দিকে মন্দির সংলগ্ন পূর্ব দিকের অজ্ঞাতনামা স্থান থেকে দুর্বৃত্তরা কয়েক মুহুর্তের মধ্যে ৪০-৫০টি ঢিল (ইটের খোয়া) পূজারীদের লক্ষ করে ছুড়ে মারে। যার একটি ঢিল (ইটের খোয়া) আমার পায়ে এসে পড়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। মন্দিরে পূজারত ভক্ত ও পূজারীরা এ ঘটনায় চরম ক্ষুব্দ হন। সংখ্যা বলতে না পারলেও অনেকগুলো ঢিল (ইটের খোয়া) ছোড়া হয়েছে বলে স্বীকার করেছেন ওই মন্দির সংলগ্ন সাহা বাড়ির বাসিন্ধা ও পুজারী পরান সাহা। 

এ ঘটনায় ভীত সন্ত্রস্ত মন্দির কমিটির সাধারন সম্পাদক সুভাস চন্দ্র দেবনাথ বলেন, কোন এক দুর্বৃত্ত একটি ঢিল ছুড়েছে। তেমন রড় কিছু ঘটেনি। যা হয়েছে তা লিখতে হবেনা। সামনে নির্বাচন, এ ঘটনা পত্রিকায় ছাপা হলে জবাব দিতে দিতে আমাদের অনেক হেনস্থা হতে হয়। তাই এ ঘটনা লেখার দরকার নেই।

গৌরনদী মডেল থানার এস.আই সুশান্ত কুমার বলেন, ঘটনার সময় আমি ওই মন্দিরেই ছিলাম। পুজারিরা আমাকে জানায় পূর্বদিকের একটি ভবনের ছাদ থেকে ঢিলগুলো ছোড়া হচ্ছে। আমি স্থানীয় সাবেক কাউন্সিলর টিটুকে সাথে নিয়ে ওই ভবনটির ছাদে যাই। সেখানে কাউকে পাওয়া যায়নি। ওই ভবনে বাচ্চাদের একটি শিক্ষালয় রয়েছে। বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে। তারাও ঢিল ছোড়ার কথা স্বীকার করেনি।

উল্লেখ্য, সোমবার সন্ধ্যায় ভাগবাত পাঠের মধ্যদিয়ে ওই মন্দিরে দুইদিন ব্যাপী বাৎসরিক কালি পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। গতকাল বুধবার ভোররাতে (মঙ্গলবার দিবাগত ভোররাত) পূজার অনুষ্ঠান শেষ হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন