আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনায় প্রতিবন্ধীকে পিটিয়ে আহত

বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বাকপ্রতিবন্ধী যুবতীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই যুবতীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলা জানা গেছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের রাহুতপাড়া গ্রামের বাবু লাল সরকারের বাক প্রতিবন্ধী মেয়ে বিউটি সরকার মুরগিকে খাবার দেয়ার সময় একই বাড়ির সুবাস সরকারের বখাটে ছেলে ইমন সরকার তুচ্ছ ঘটনায় বিউটিকে পিটিয়ে আহত করে।
আহত বাক প্রতিবন্ধী বিউটি সরকারের মা আশালতা সরকার জানান, আমার মেয়ে মুরগিকে খাবার দিতে ছিল তখন বিনা কারনে আমার মেয়েকে সুবাস সরকারের বখাটে দুই ছেলে ইমন সরকার ও সজল সরকার লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এসময় স্থানীয়রা আমার আহত মেয়েকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত ইমন সরকার জানান, সামান্য ঘটনা নিয়ে ঝগড়ার একপর্যায় একটু হাতাহাতি হয়েছে মাত্র।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হান আলম জানান, আহত মেয়েটি বাক প্রতিবন্ধী। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মেয়েটিকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বাক প্রতিবন্ধী যুবতীকে পিটিয়ে আহত করার অভিযোগে তার আশালতা সরকার বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমইউআর