বরিশাল নগরীতে কেয়ারটেকারকে কুপিয়ে জখম, মামলা

তুচ্ছ ঘটনার জের ধরে মো. সিদ্দিক মিয়া নামের এক ব্যক্তিকে পিটিয়ে এবং কুপিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। গত ১১ মার্চ সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিসিসি’র ২৩ নম্বর ওয়ার্ডে দক্ষিণ সাগরদী দরগাহ বাড়ি সড়কের পাঁচ পীর জামে মসজিদ সংলগ্নে এই ঘটনা ঘটে। গুরুতর আহত মো. সিদ্দিককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি-২ ইউনিটে ভর্তি করা হয়েছে।
এদিকে, হামলা এবং কুপিয়ে জখমের ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আহত মো. সিদ্দিক মিয়ার স্ত্রী মোসা. আসমা বেগম বাদী হয়ে ১৩ মার্চ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-০২। তবে মামলা দায়েরের তিন দিন অতিবাহিত হলেও আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
আসামিরা হলেন- দক্ষিণ সাগরদী এলাকার দরগাহ বাড়ি তিতুমীর লেনের বাসিন্দা মো. সবুর মিয়ার ছেলে মো. পারভেজ সোহেল ওরফে শাহিন (৪০), একই এলাকার মো. ইউনুস (৩০) ও মো. আমির হোসেনের ছেলে মো. ছুট্টু (৩০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘ভিকটিম মো. সিদ্দিক মিয়া দরগাহ বাড়ি সড়কের মাহাবুল্লা খান আকিল মিয়ার বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত। গত ১১ মার্চ সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই বাড়ির সামনে দাঁড়িয়ে ফুলেল বাগানে পানি দিচ্ছিলেন তিনি। এসময় সড়কের পাশ দিয়ে বিভিন্ন যানবাহন চলছিলো।
এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা একটি কালো রংয়ের প্রাইভেট কারে ঘটনাস্থল অতিক্রম করেন। কিছুক্ষণ পরে গাড়ি ঘুরিয়ে পেছনে এসে সিদ্দিক মিয়ার সাথে কথা কাটাকাটিতে লিপ্ত হন। এক পর্যায় প্রাইভেট কার থেকে নেমে অভিযুক্তরা সিদ্দিক মিয়ার ওপর অতর্কিতভাবে হামলা করে। তারা সিদ্দিক মিয়াকে এলোপাথারী মারধর এবং গলা চেপে স্বাশরোধে হত্যার চেষ্টা করে।
এক পর্যায় অভিযুক্ত পারভেজ হোসেন ওরফে শাহিন তার সাথে থাকা চাকু দিয়ে সিদ্দিকের মাথায় আঘাত করেন। তিনি সরে গেলে চাকুর আঘাতে তার কপাল এবং গালে রক্তাক্ত জখম হয়। এমনকি সিদ্দিকের চোখে আঘাত এবং মারধর করে শার্ট ছিড়ে ফেলেন। এসময় তার ডাক-চিৎকারে পথচারী এবং স্থানীয়রা ছুটে আসেন। পরে গুরুতর অবস্থায় আহত সিদ্দিককে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভিকটিমের স্ত্রী আসমা বেগম মামলায় অভিযোগ করেছেন, ‘ঘটনার সময় তিনিসহ স্থানীয়রা ছুটে আসলে হামলাকারীরা তাদের হুমকি দেয়। এমনকি এই ঘটনায় কোন প্রকার আইনের সহায়তা নিতে গেলে প্রাণে মারার হুমকি দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য জানা জায়নি। তবে মামলা দায়েরের বিষয়টি স্বীকার করে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিমুল করিম বলেন, ‘গাড়িতে পানি ছিটানোকে কেন্দ্র করে সিদ্দিক নামের একজন ব্যক্তিকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
কেআর