বরিশালে দিনমজুরকে পিটিয়ে হত্যা
সুদী মহাজনের বিরুদ্ধে অভিযোগসুদের টাকার জন্য লাঞ্ছিত ও হুমকির অপমান সইতে না পেরে তিন সন্তানের জনক এক দিনমজুরের বিষপানে আত্মহত্যার কথা প্রাথমিকভাবে ছড়িয়ে পরেছিলো। তবে ঘটনার একদিন পর বেরিয়ে এসেছে লোমহর্ষক তথ্য।
ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার উত্তর ধানডোবা গ্রামের।
সোমবার সকালে মৃত বিমল বাছারের (৪২) স্ত্রী অভিযোগ করেন, আসল পাঁচ হাজার টাকায় বিশ হাজার টাকা সুদ নেয়ার পরেও তার স্বামীর কাছে আরো পাঁচ হাজার টাকা দাবী করে গ্রাম্য সুদী মহাজন সোহেল হাওলাদার ওরফে বিচ্ছু সোহেল। তার (সোহেল) দাবীকৃত টাকা দিতে অস্বীকার করায় শুক্রবার রাতে স্থানীয় সাদ্দাম বাজার নামক এলাকায় বসে সহযোগীদের নিয়ে বিমলের ওপর হামলা চালায় সুদখোর সোহেল। এতে বিমল জ্ঞান হারিয়ে ফেললে হামলাকারীরা মৃত ভেবে বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করতে তড়িৎগতিতে বিষ এনে বিমলের মুখে ঢেলে দেয়। এর আগে ওইদিন সন্ধ্যায় বিমলকে খুঁজতে বাড়িতে এসে না পেয়ে অশালীন ভাষায় গালিগালাজ করে বসতঘরে তালা দেয়ার হুমকি দেয় সোহেল।
সূত্রমতে, মূমূর্ষ অবস্থায় বিমলকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে তার (বিমল) মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে রবিবার বিকেলে বিমলের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন সন্ধ্যায় অবুঝ তিন সন্তানের সামনে শেষকৃত্য ঘটে নিহত বিমল বাছারের। এসময় বিমলের স্ত্রী ও সন্তানদের আর্তনাতে পুরো এলাকার আকাশ-বাতাস ভাড়ি হয়ে ওঠে। নিহত বিমল ওই গ্রামের মৃত শ্রীচরন বাছারের ছেলে। বিমলের মৃত্যুর পর থেকে গ্রাম্য সুদি মহাজন সোহেল চৌকিদারের স্ব-পরিবার তাদের ঘর তালাবদ্ধ করে আত্মগোপন করেছে।
স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের দিনমজুর পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে দীর্ঘদিন থেকে দক্ষিণ ধানডোবা গ্রামের সুদী মহাজন সোহেল হাওলাদার ওরফে বিচ্ছু সোহেল প্রতি হাজারে প্রত্যেকদিন দুইশত টাকা হিসেবে সুদ আদায় করে নিচ্ছে। সুদের টাকা পরিশোধে বিলম্ব হলেই শারিরিক নির্যাতন থেকে শুরু করে সহযোগীদের নিয়ে শেষসম্ভব টুকু কেড়ে নেয় সুদী মহাজন। গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন জানান, পুরো ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমইউআর