২৮ মার্চের হরতাল সফল করতে বাসদের আহ্বান

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং ব্যাটারী চালিত রিকশার লাইসেন্স প্রদানসহ বিভিন্ন দাবিতে আসামি ২৮ মার্চ অর্ধ দিবস হরতারের ডাক দিয়েছে বাদ জোট। এ হরতাল সফল করতে বরিশালে বরিশালে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার বেলা ১১ টায় নগরীর সদররোড বিবি পুকুর পাড় চত্বরে এ সমাবেশের আয়োজন করে বাসদ, বরিশাল জেলা কমিটি।
জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সহ-সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক আব্দুল মানিক হাওলাদার, বরিশাল রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন (২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর শাখার প্রচার-প্রকাশনা সম্পাদক বিজন সিকদার প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। জনগণের কাছে কোনো জবাবদিহি না করে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি চলছে। সরকারের বাজার নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করার কথা থাকলেও সেই জায়গা দিয়ে সরে এসে সরকার ব্যবসায়ীদের পাহারাদার এক লুটপাটকারীর সরকারে পরিণত হয়েছে।
বক্তারা আরও বলেন, টিসিবির গাড়ি এখন পাগলা ঘোড়ায় পরিণত হয়েছে। এই ঘোড়ার সাথে দৌড়পাল্লায় যে জিতবে সেই কিছু পণ্য নিয়ে বাসায় ফিরতে পারবে। অন্যথায় দুর্বিক্ষের চরম পর্যায় পরিদর্শন করে ঘরে ফিরতে হবে। সরকারের ব্যবসায়ী মন্ত্রীরা ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের দোষ দিলেও এদেশের মানুষ জানে এগুলি দাম বাড়ানোর অজুহাত ছাড়া আর কিছুই নয়।
এসময় বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী বলেন, জনগণের এই দুর্দশা থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। তাই আসামি ২৮ মার্চ অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে বাম জোট। সেই হরতাল সফল করা ও ১৩ থেকে ১৭ মার্চ বসদ ঘোষিত দাবিপক্ষ পালনের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে, সমাবেশের পূর্বে নগরীতে বাসদের একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিবি পুকুর পাড়ে সমাবেশস্থলে এসে শেষ হয়।
এসএম