ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

পাবলিক বাসে ঢাকায় ফিরলেন মতিয়া চৌধুরী

পাবলিক বাসে ঢাকায় ফিরলেন মতিয়া চৌধুরী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী তার নির্বাচনি এলাকা নকলা ও নালিতাবাড়ি থেকে প্রতিবারের মতো এবারও সাধারণ যাত্রী হিসেবে পাবলিক বাসে চেপে ঢাকায় ফিরেছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে নকলা পৌরসভার জালালপুর শিল্প এলাকা থেকে ‘সোনার বাংলা’ পরিবহনে করে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

এ সময় নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে বিদায় জানাতে এসে মোবাইল ফোনে কেউ একজন ছবি উঠিয়ে ফেসবুকে পোস্ট করলে ছবিটি ভাইরাল হয়।

 

দলীয় নেতাকর্মীসহ অনেকেই ছবিটি ফেসবুকে শেয়ার করে প্রশংসা করেন এবং স্যালুট জানান মতিয়া চৌধুরীকে।

নিজের ফেসবুক ওয়ালে বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল লিখেছেন, ‘এ জন্যই তিনি ব্যতিক্রম...। মতিয়া আপার বাসায় একবার আমার যাওয়ার সুযোগ হয়েছিল। তার রাজনৈতিক দর্শন বা ব্যক্তিগত পছন্দ অপছন্দ নিয়ে কথা হতেই পারে। কিন্তু তার সততা সাদামাটা জীবন এগুলো নিয়ে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই। আর সাধারণ এ জীবনযাপনই তাকে অসাধারণ করে তুলেছে। জানি বিলাসী জীবনযাপন করা রাজনীতিবিদরা তাদের কাছ থেকে কিছু শিখবে না। সৈয়দ আশরাফ, মতিয়া চৌধুরীদের জন্য তাই আজীবন ভালোবাসা।

নালিতাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক  জানান, দলের একজন প্রভাবশালী নেতা হয়েও তার সাদাসিধে জীবন যাপনে কোনো রকমের পরিবর্তন আসেনি। পোশাক-পরিচ্ছদ এবং চলাফেরা তার একই রকম, খুবই সিম্পল। মন্ত্রী থাকাকালে সরকারি গাড়ি ব্যবহার করলেও তার আগে তিনি বাসেই ঢাকা-শেরপুরসহ বিভিন্ন যায়গায় যাতায়াত করতেন, এখনও তাই করছেন। এটি যেন তার জীবনের অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে।

নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ  জানান, আমাদের লোভ-লালসার রাজনৈতিক সংস্কৃতিতে মিতব্যয়, সততা, নিষ্ঠা, সাহসিকতা ও ত্যাগ স্বীকার প্রশ্নে বেগম মতিয়া চৌধুরীর তুলনা তিনি নিজেই। তিনি ছাত্রজীবন থেকে শুরু করে প্রগতিশীল বিভিন্ন আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় স্বৈরাচার এবং বিএনপি-জামায়াত জোট সরকার বিরোধী আন্দোলনে যেমন এক সাহসী ও পরীক্ষিত নেতৃত্ব তেমনি তিনি খুব সহজ ও স্বাভাবিক জীবনে অভ্যস্ত। তিনি দলের একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা হওয়ার পরও তার মধ্যে কোনো অহঙ্কার ও উচ্চাভিলাষ নেই। পাবলিক বাসে নির্বাচনি এলাকায় যাতায়াত তার সাদামাটা জীবন যাপনেরই অংশ। তার পরিচ্ছন্ন রাজনীতি আমাদের গর্ব।

উল্লেখ্য, তিনি গত ৪ জানুয়ারি মঙ্গলবার রাজধানী ঢাকা থেকে তার নির্বাচনী এলাকায় মেধাবী শিক্ষার্থী, দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য নকলায় পৌঁছেন। পরে নকলা ও নালিতাবাড়ি উপজেলার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ শেষে আজ ৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে পাবলিক বাসে প্রতিবারের মতোই সাধারণ যাত্রী হিসাবে ঢাকায় রওনা হন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন