ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতিতে বাঙালি অনেক এগিয়ে

 জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতিতে বাঙালি অনেক এগিয়ে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতিতে বাঙালি বিশ্বের অনেক জনগোষ্ঠীর চেয়ে এগিয়ে। এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুণীজনদের সম্মানিত করতে হবে।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ২৭তম ট্রাব অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, জাতিগত উন্নয়নের জন্য বস্তুগত বা অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রয়োজন আত্মিক উন্নয়ন। বাঙালি জাতি জ্ঞান-বিজ্ঞান ও কৃষ্টি-সংস্কৃতিতে অনেক আগে থেকেই এগিয়ে রয়েছে। এখন অর্থনীতিতে বাংলাদেশ বিশ্বের ৩১তম দেশের স্থান অর্জন করেছে। মাথাপিছু আয়ে ২০১৫ সালে পাকিস্তানকে ছাড়িয়েছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

হাছান মাহমুদ বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর তার হাতেই বেসরকারি টেলিভিশনের সূচনা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমের অভূতপূর্ব প্রসার ঘটেছে, যা গণতন্ত্র বিকাশের অন্যতম সহায়ক।

সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। বিনোদন বিচিত্রা সম্পাদক দেওয়ান হাবিবুর রহমান ও এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা তাশিক আহমেদ এ সময় বক্তব্য দেন।

ট্রাব সভাপতি সালাম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, পরিবেশবিদ ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার, নিরাপদ সড়ক চাই সংগঠনের সভাপতি চিত্রতারকা ইলিয়াস কাঞ্চন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং প্রয়াত অভিনেতা মাহমুদ সাজ্জাদকে (মরণোত্তর) আজীবন সম্মাননা দেওয়া হয়।

এসময় এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশন মেয়র মো. জাহাঙ্গীর আলমকে বিশেষ সম্মাননা এবং জ্যেষ্ঠ সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দীকে আহমেদ জামান স্মৃতি পুরস্কার ও নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে সৈয়দ শামসুল হক স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানে প্রায় ৭৫ জন নির্বাচিতদের হাতে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার তুলে দেন ট্রাব নেতারা। 


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন