ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news

পরীক্ষার ৩০ মিনিট আগে হলে ঢুকতে হবে শিক্ষার্থীদের

 পরীক্ষার ৩০ মিনিট আগে হলে ঢুকতে হবে শিক্ষার্থীদের
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

 

 

আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রতিটি পরীক্ষার ৩০ মিনিট আগে হলে প্রবেশ করতে হবে শিক্ষার্থীদের।  

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। হলে কাউকে পরে প্রবেশ করতে দেওয়া হলে নাম, রোল নম্বর, প্রবেশের সময়, বিলম্ব হওয়ার কারণ ইত্যাদি লিপিবদ্ধ করে সেদিনই সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন দিতে হবে।

ডা. দীপু মনি বলেন, ট্রেজারি থেকে নির্দিষ্ট তারিখের পরীক্ষার প্রশ্নপত্রের সব সেট কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। প্রশ্নপত্র কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন/ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না, শুধু ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। তবে ছবি তোলা যায় না এমন ফোন ব্যবহার করতে হবে।

পরীক্ষায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে-  যোগ করেন মন্ত্রী। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অভিভাবকদের অনুরোধ করেন তিনি।

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নেবে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন