পছন্দের প্রার্থী বিজয়ী, অঝোরে কাঁদলেন ভোটাররা

বরিশাল জেলায় ২য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে নিরপেক্ষ নির্বাচনের ‘মডেল’ হিসেবে অভিহিত হচ্ছে বরিশালের এই নির্বাচন। কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং পরস্পর বিরোধী অভিযোগ ছাড়াই সম্পন্ন হলো ২য় ধাপের নির্বাচন। ধারণা করা হচ্ছে ৭০ থেকে ৮০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
নির্বাচনকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। উচ্ছ্বসিত ভোটাররা বলেছেন ‘কল্পনাতীত” গণতান্ত্রিক পরিবেশ ছিল বরিশালে। এর মধ্যেও আগৈলঝাড়ায় দেখা গেছে একেবারেই অন্যরকম চিত্র। পছন্দের প্রার্থীর বিজয়ে অঝোরে কাঁদতে দেখা গেছে ভোটারদের। উপজেলার ৩নং বাগধা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ছিল এই ভিন্নধর্মী চিত্র।
ওই ইউনিয়নের মেম্বার পদে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় রাতে। তবে বিকালে ভোট গ্রহণ শেষ হবার পরপরই রাস্তায় অপেক্ষায় ছিলেন হাজারো নারী-পুরুষ। তাদের চোখে মুখে ছিল উৎকণ্ঠা- বিজয়ী হতে পারবেন তো তাদের পছন্দের প্রার্থী! তবে তাদের সেই উদ্বেগ-উৎকণ্ঠা দূর হয়ে যায় এক নিমিষেই। সমর্থিত প্রার্থীর বিজয়ে উল্লাসে ফেটে পড়েন সবাই। একে অপরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন আনন্দে। সে এক অভূতপূর্ব দৃশ্য।
এইচকেআর