ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

Motobad news

অর্ধেক জনবলে ধুঁকছে বরিশাল পরিবেশ অধিদপ্তর

অর্ধেক জনবলে ধুঁকছে বরিশাল পরিবেশ অধিদপ্তর
ছবি সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

লোকবল সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়সহ বিভাগের ছয় জেলা কার্যালয়ের কার্যক্রম। অনুমোদিত ৭১টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ৩১ জন। শূন্য রয়েছে ৪০টি পদ। অনুমোদিত জনবলের অর্ধেকেরও কম কর্মকর্তা-কর্মচারী দিয়ে চলছে দাপ্তরিক কার্যক্রম। এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে বিভাগীয় কার্যালয়ে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমোদিত পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায়। ফলে পরিবেশদূষণ ও পরিবেশবিধি লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর নির্ভর করতে হচ্ছে অধিদপ্তরকে। কিন্তু প্রয়োজনের সময় ম্যাজিস্ট্রেট পাওয়া না যাওয়ায় অনেক ক্ষেত্রে যথাসময়ে অভিযান পরিচালনা সম্ভব হচ্ছে না। বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগীয় কার্যালয়সহ ছয় জেলা কার্যালয়ে মোট অনুমোদিত জনবল ৭১ জন। এর মধ্যে কর্মরত আছেন ৩১ জন।

শূন্য পদ রয়েছে ৪০টি। বিভাগীয় কার্যালয়ের অনুমোদিত ৩৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৫ জন। শূন্য রয়েছে ১৯টি পদ। এর মধ্যে প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি পদ এবং পরিদর্শকের চারটি পদই শূন্য। এ ছাড়া সহকারী কেমিস্ট, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক, ক্যাশিয়ার ও স্টোরকিপারের একটি করে পদ শূন্য রয়েছে। ঝাড়ুদার ও নৈশপ্রহরীসহ চতুর্থ শ্রেণির আটটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র তিনজন।

জেলা কার্যালয়গুলোর অবস্থাও কমবেশি একই। বরিশাল জেলা কার্যালয়ের অনুমোদিত সাতটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন একজন সহকারী পরিচালক ও একজন পরিদর্শক। হিসাবরক্ষক ও গবেষণাগার সহকারীসহ বাকি পাঁচটি পদ শূন্য রয়েছে। বরগুনা জেলা কার্যালয়ের ছয়টি পদের মধ্যে কর্মরত রয়েছেন একজন সহকারী পরিচালক ও একজন অফিস সহায়ক। পরিদর্শকসহ চারটি পদ শূন্য রয়েছে। ঝালকাঠি জেলা কার্যালয়ের অনুমোদিত ছয়টি পদের বিপরীতে কর্মরত আছেন একজন সহকারী পরিচালক ও একজন হিসাবরক্ষক। পরিদর্শকসহ চারটি পদ শূন্য রয়েছে। পিরোজপুর জেলা কার্যালয়ের ছয়টি পদের মধ্যে সহকারী পরিচালক ও পরিদর্শক কর্মরত রয়েছেন। হিসাবরক্ষক পদে একজন কর্মকর্তা থাকলেও তাঁকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। ফলে বাস্তবে চারটি পদে জনবল নেই। যদিও দাপ্তরিক হিসাবে শূন্য পদের সংখ্যা তিনটি।

তবে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা কার্যালয়। অনুমোদিত ছয়টি পদের মধ্যে পাঁচটিতে জনবল কর্মরত রয়েছেন। শুধু ল্যাব অ্যাটেনডেন্টের পদটি শূন্য রয়েছে। অন্যদিকে ভোলা জেলা কার্যালয়ের ছয়টি পদের মধ্যে কর্মরত রয়েছেন একজন সহকারী পরিচালক ও একজন হিসাবরক্ষণ কর্মকর্তা। পরিদর্শকসহ চারটি পদ শূন্য রয়েছে। 

বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, লোকবল সংকটের কারণে কাক্সিক্ষত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম বলেন, অনুমোদিত জনবলের অর্ধেকেরও কম কর্মকর্তা-কর্মচারী নিয়ে দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। লোকবল সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাগাদা দিয়ে চিঠি দেওয়া হচ্ছে।


এইচকে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন