আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা শাখার সদস্য।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল তিনটার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
রইচ সেরনিয়াবাতের স্ত্রী এলিনা জাহিন পুতুল জানিয়েছেন, বিকেল তিনটার দিকে আগৈলঝাড়া থানার ওসি বাড়িতে এসে কথা বলার জন্য তার অসুস্থ স্বামীকে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে কোনো মামলা ছাড়াই তাকে (রইচ সেরনিয়াবাত) গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও জানিয়েছেন, বিকেলে নাটকীয় মামলায় গ্রেপ্তার দেখিয়ে তার অসুস্থ স্বামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মো. মাসুদ খান জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা আব্দুর রইচ সেরনিয়াবাতকে সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
এইচকেআর