ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না: ইসি

গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে সরকারি কর্মকর্তারা প্রচারণা করতে পারবে না: ইসি
ফাইল ছবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে প্রচারণা করতে পারবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা যায়। ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সব রিটার্নিং কর্মকর্তার পাঠিয়েছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮৬-এর বিধানাবলির প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনও ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে বা ‘না’র পক্ষে ভোট দেওয়ার জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। কেননা, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে।

চিঠিতে আরও বলা হয়, উল্লিখিত বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী, সরকারি কর্মকর্তা ‘হ্যাঁ’ বা ‘না’র পক্ষে প্রচার করতে পারবে না। যদি করে তা দণ্ডনীয় অপরাধ। ঢাকা, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়ে এই নির্দেশনা দিয়েছে ইসি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন