ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • শেবাচিম হাসপাতালে শিশুর ভুল চিকিৎসা গলার রোগে অস্ত্রোপচার তলপেটে

    শেবাচিম হাসপাতালে শিশুর ভুল চিকিৎসা গলার রোগে অস্ত্রোপচার তলপেটে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘাড়ের সমস্যা নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) ভর্তি হয়েছিলেন ৬ বছরের শিশু রায়হান। চিকিৎসকদের পরামর্শে শারীরিক পরীক্ষা শেষে অপারেশন থিয়েটারে নেওয়া হয় অস্ত্রোপচারের জন্য। দেড় ঘণ্টার অপারেশন শেষে যখন রায়হানকে বেডে নিয়ে আসার পর দেখা গেলো অপারেশন করা হয়েছে ডানপাশের তলপেটে। রায়হানের মা-বাবা চিকিৎসকদের কাছে কারণ জানতে চাইলে ওই বিভাগের দায়িত্বরত চিকিৎসক ভুল অপারেশনের কথা শিকার করেন।

    এদিকে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে এমন ভুল চিকিৎসার শিকার রায়হান ইতোমধ্যে ট্রমায় আক্রান্ত হয়ে পড়েছেন। যে কাউকে দেখলে চিৎকার দিয়ে ওঠে। ছেলের শরীর থেকে কিডনি সরিয়ে ফেলা হয়েছে কিনা এমন আতঙ্কে রয়েছেন তার মা-বাবা।

    হাসপাতালের শিশু সার্জারি বিভাগে গত শনিবার এই ভুল চিকিৎসার ঘটনা ঘটে। গতকাল সোমবার সকালে শিশুটিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। জানা গেছে, রায়হান এয়ারপোর্ট থানা এলাকার নথুল্লাবাদ লুৎফর রহমান সড়কের দিনমজুর শাহজালালের ছেলে। জন্ম থেকেই সে ঘাড়বাকা রোগে আক্রান্ত। বয়সের সঙ্গে সঙ্গে তার এই সমস্যা বাড়ছিল।

    রায়হানের মা সুমি আক্তার বলেন, ঘাড়ের সমস্যা নিয়ে বহির্বিভাগে ডাক্তার দেখালে সেখান থেকে ভর্তির জন্য বলেন। আমরা ১৬ জুলাই হাসপাতালে ভর্তি হই। ভর্তির পর ওর গলার ৫ ধরনের পরীক্ষা করে ডা. তৌহিদুল ইসলাম জানান, ঘাড়ের একপাশের মাংস বেড়েছে। অপারেশন করাতে হবে। সিরিয়াল অনুসারে শনিবার আমার ছেলেকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। দেড় ঘণ্টার মত অপারেশন থিয়েটারে রেখে যখন বেড় করে তখন দেখি ওর ঘাড়ে কোন অপারেশন করা হয়নি। ডানপাশের তলপেটে অপারেশন করা হয়েছে। চিকিৎসকদের জিজ্ঞেস করলে তারা জানান হার্নিয়া অপারেশন করেছেন।

    সুমি বলেন, আমার ছেলেরতো কোন হার্নিয়ার সমস্যা নেই। আমার ছেলের ঘাড়বাকা। ডাক্তার বলেছেন গলায় অপারেশন করা হবে। কিন্তু তারা আমাদের না জানিয়ে আমার ছেলের তলপেটে অপারেশন করে নিয়ে এসেছে। শেষে ডাক্তারকে এসব বিষয় জানালে তারা বলে ‘ভুল চিকিৎসা হয়েছে’। তিনি আরও বলেন, কেন এই ঘটনা ঘটলো তা জানতে চাওয়ায় আমার ছেলের নাম কেটে দিয়েছে হাসপাতাল থেকে। ছেলের ঘাড়বাকা সমস্যা নিয়ে ভর্তি হয়ে তার কোনো চিকিৎসা পেলাম না।

    রায়হানের পিতা শাহজালাল জানান, আমার ছেলের অপারেশন হওয়ার কথা গলায়। কিন্তু তারা তা না করে তলপেটে করেছে। আমার ছেলের এত বড় সর্বনাশ কেন তারা করলো? আমার ছেলের কিডনি নিয়ে গেছে কিনা জানি না। আমরা খুব আতঙ্কে আছি। আমি চাই তদন্ত করে এই ভুল চিকিৎসা যে দিয়েছে সেই ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমার ছেলের ভবিষ্যতে যে ক্ষতি হবে না তার নিশ্চয়তা কে দেবে? তিনি আরও বলেন, অনুমতি ছাড়া ডাক্তার আমার ছেলের তলপেটের অপারেশন করতে পারেন না। তিনি অন্য কোনো ঘটনা ঘটিয়েছেন। এখন আমার ছেলের কিছু হয়ে গেলে আমি কি করবো?

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি আমি শুনেছি। রোগী ঘাড়বাকা রোগ নিয়ে ভর্তি হয়েছে। ঘাড়বাকা রোগের সঙ্গে তার হার্নিয়া রোগও ধরা পড়েছে। ঘাড়বাকা রোগটি একটু জটিল, তাছাড়া দুটি অপারেশন একসঙ্গে করা যায় না। এজন্য চিকিৎসক হার্নিয়া অপারেশন করেছেন। ঘাড়বাকা অপারেশন পরবর্তীতে করা হবে।

    অপারেশন থিয়েটারে নেওয়ার আগে ঘাড়বাকা অপারেশন করার কথা বলে নিয়ে শরীরের অন্য কোথাও অস্ত্রোপচার বিধিমোতাবেক কিনা জানতে চাইলে তিনি বলেন, রোগী ও ডাক্তারের মধ্যে কাউন্সেলিং গ্যাপ ছিল। যে কারণে এমন অভিযোগ উঠছে। তবে এ ঘটনায় কোন লিখিত অভিযোগ আমরা পাইনি। পেলে তদন্ত করে ব্যবস্থা নিব। 

    বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশালের সভাপতি ডা. ইসতিয়াক হোসেন বলেন, ঘাড়বাঁকা রোগের অপারেশনের কথা বলে শরীরের অন্য কোথাও অস্ত্রোপচার করা সম্পূর্ণ বেআইনি। রোগীর শরীরের ছোট অস্ত্রোপচার করলেও লিখিত অনুমতি নিতে হবে। তিনি আরও বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেও যদি অনুমতি না নিয়ে কোন অস্ত্রোপচার করেন সেটিও আইন পরিপন্থী।  
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ