ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড

দুই দশক ধরে মাটির রাস্তা আর বাঁশের সাঁকোই ভরসা

দুই দশক ধরে মাটির রাস্তা আর বাঁশের সাঁকোই ভরসা
নগরীর কাশিপুর দিয়াপাড়া সড়কের চিত্র। ছবি: মতবাদ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সিটি কর্পোরেশনের স্বল্প আয়তনের ২৮ নম্বর ওয়ার্ড। শূন্য দশমিক ৫৮ বর্গ কিলোমিটারের এই ওয়ার্ডটিতে বসবাস প্রায় দুই হাজার পরিবারের। আয়তনে ছোট হওয়া সত্বেও অন্যান্য ওয়ার্ডগুলোর মতই উন্নয়ন বঞ্চনার শিকার ওয়ার্ডের বাসিন্দারা।

সিটি করপোরেশনের নাগরিক সুবিধা কী, তাও জানা নেই অধিকাংশ মানুষের। গ্রাম থেকে সিটি করপোরেশনে উন্নীত হওয়ার দুই দশক পরেও মাটির রাস্তা আর বাঁশের সাঁকোই ভরসা তাদের।

জানা গেছে, ‘সদর উপজেলার রায়পাশা-কড়াপুর এবং কাশিপুর ইউনিয়নের কাশিপুর চহৎপুর, দিয়াপাড়া এবং হরিপাশা এলাকা নিয়ে গঠিত ২৮ নম্বর ওয়ার্ডটি। ভোটার সংখ্যা ৭ হাজার ৯৪০ জন।

ওয়ার্ডের বাসিন্দারা বলছেন, ‘আয়তনে ছোট হলেও ওয়ার্ডটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি এক যুগেও। সবশেষে শওকত হোসেন হিরন মেয়র থাকা অবস্থায় কুদঘাটার পুল থেকে বারৈজ্যার হাট পর্যন্ত সড়কটি প্রশস্ত এবং সংস্কার করা হয়েছিল। এরপর এক যুগের বেশি সময় ধরে আর কাজ হয়নি এখানে।

কাশিপুর দিয়াপাড়ার বাসিন্দা মানিক হাওলাদারের ছেলে মো. রাকিব হাওলাদার জানান, পাঁচ সদস্যের সংসারে উপার্জনের অন্যতম অবলম্বন তিনি। গত প্রায় চার বছর ধরে এলপি গ্যাস চালিত অটোরিকশা চালিয়ে সংসার নির্বাহ করেন। তবে সিটি করপোরেশনের নাগরিক সুবিধা কী, তা জানেন না রাকিব।

আলাপকালে তিনি বলেন, গত পাঁচ বছরে একটা কোম্বল ছাড়া আর কিছুই জোডেনায় ভাইগ্যে। হেয়াও এক বছর আগে উপ-নির্বাচনে যে কাউন্সিলর অইছে হে (জাহিদ হোসেন রুবেল) দেছে।

জানা গেছে, ২৮ নম্বর ওয়ার্ডে সাধারণ নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেন। তার মৃত্যুর পরে বছরখানেক আগে উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হন জাহিদ হোসেন রুবেল। তিনি নির্বাচিত হওয়ার পরে ওয়ার্ডে কোন ধরনের উন্নয়ন করেননি বলে অভিযোগ এলাকাবাসীর।

একই ওয়ার্ডের ফকিরবাড়ির বাসিন্দা পেশায় ইজিবাইক চালক মো. হারিছুর রহমান বলেন, ‘মোরা গ্রাম অঞ্চলের মানুষ। মোগো তো বড় কোন চাহিদা নাই। রাস্তা-ঘাট ভালো থাকবে এইডাই চাহিদা। কিন্তু মোগো রাস্তাগুলার যে অবস্তা, গাড়িই চালাইতে পারি না। গাড়ি চালাইন্নার সময় নাট-বল্টুগুলা এমনেই খুইল্লা পড়ে। ডেলি ৪০-৫০ টাহার নাট-বল্টু লাগাইতে অয়।

সরেজমিনে দেখা গেছে, ‘নবগ্রাম রোডের কুদঘাটার পুল থেকে বারৈজ্যার হাট পর্যন্ত সড়কটি ২৮ নম্বর ওয়ার্ডের প্রধান সড়ক। এছাড়া তেঁতুলতলা থেকে নবগ্রাম রোড পর্যন্ত দুটি সড়ক রয়েছে। আর খালপাড় থেকে নথুল্লাবাদ পর্যন্ত রয়েছে আরও একটি সড়ক। এ চারটি সড়ক বাদে অভ্যন্তরীণ সবগুলোই মাটির রাস্তা। যে চারটি পাকা সড়ক রয়েছেও একেবারেই ভাঙাচোড়া। মাটির রাস্তাগুলো বর্ষা মৌসুমে হাটু সমান জলাবব্ধতায় পাশাপাশি কর্দমাক্ত হয়ে থাকে।

এদিকে, ‘ওয়ার্ডের সীমানা ঘেঁষে দুটি খাল রয়েছে। তবে দুটি খালিই ২৭ নম্বর ওয়ার্ডের মধ্যে। স্থানীয়রা জানিয়েছেন, ইতিপূর্বে খালদুটির পানি রান্নাসহ সাংসারিক কাজে প্রয়োজন হতো। তবে গত প্রায় একযুগ ধরে দুটি খালই ডোবায় পরিণত হয়েছে। যতটুকু পানি আছে তাতে কচুরিপানায় ভরা। সংস্কারের উদ্যোগ না নেয়ায় খাল দুটি এখন আর ব্যবহার করতে পারছে না স্থানীয়রা।

এসব প্রসঙ্গে সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন রুবেল বলেন, ‘২০২১ সালের ৭ অক্টোবর আমি উপ-নির্বাচনে কাউন্সিলর হয়েছি। এই অল্প সময়ের মধ্য যতটুকু সম্ভব চেষ্টা করেছি মানুষের পাশে থাকার জন্য। তবে ওয়ার্ডের সড়ক, ড্রেন, কালভার্ট নির্মাণের উদ্যোগ সিটি করপোরেশন নিয়ে থাকে। সেখান থেকে উদ্যোগ না নিলে আমরা চাইলেই কিছু করতে পারি না। তবে সিএন্ডবি রোড থেকে হেলালিয়া জামে মসজিদ পর্যন্ত ফিসারি রোডেটি সংস্কার হয়ে গেছে। এছাড়া গত পাঁচ বছরে আর কোন উন্নয়ন এই ওয়ার্ডটিতে হয়নি বলেও স্বীকার করেন তিনি।
 


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন