ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news
বরিশাল সিটি করপোরেশন নির্বাচন

কে হবেন নৌকার মাঝি, ভাগ্যনির্ধারণ আগামীকাল

কে হবেন নৌকার মাঝি, ভাগ্যনির্ধারণ আগামীকাল
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে কে হবেন নৌকার মাঝি? এ নিয়ে দলীয় ফোরাম থেকে শুরু করে সর্বত্রই বইছে আলোচনার ঝড়। কেউ বলছেন বর্তমান মেয়র সাদিক আবদুল্লাই পাবেন দলীয় মনোনয়ন! আবার বিরোধী শিবির বলছে মেয়রের চাচা খোকন সেরনিয়াবাতের হাতে যেতে পারে নৌকার হাল। তবে কেউ কেউ বলছে আসতে পারে নতুন মুখও।

তবে এসব প্রশ্নের অবসান ঘটতে যাচ্ছে আগামীকাল ১৫ এপ্রিল। এদিন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড নির্ধারণ করবে নৌকার মাঝি। ওইদিন সকাল ১১টায় মনোনয়ন বোর্ডের সভা হবে। সেজন্য সকলের দৃষ্টি এখন মনোনয়ন বোর্ডের দিকে।

এদিকে, নগরবাসী এবং দলীয় মহল অপেক্ষার প্রহর গুণলেও বসে নেই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। দলীয় মনোনয়ন পেতে শেষ মূহুর্তে তাঁরা যে যার অবস্থান থেকে চালিয়ে যাচ্ছেন লবিং-তদবির।

আওয়ামী লীগের সভাপতির কার্যালয় সূত্রে জানা গেছে, ‘বরিশালসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ শেষ হয়েছে ১২ এপ্রিল। এ সময়ের মধ্যে বরিশাল সিটি করপোরেশনে মেয়র পদের জন্য আবেদন করেছেন সাতজন। যারা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের বর্তমান ও সাবেক নেতা।

এরা হলেন- বরিশাল সিটি করপোরেশনের বর্তমান মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, তার চাচা ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য খোকন সেরনিয়াবাত, বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুন, স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন এবং বিএম কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মঈন তুষার।

এদিকে, মনোনয়ন প্রত্যাশী সাতজন হলেও মূল আলোচনায় রয়েছেন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং তার চাচা আবুল খায়ের খোকন সেরনিয়াবাত। এদের মধ্যে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন সাদিক আবদুল্লাহকে। এজন্য তারাই সাদিক আবদুল্লার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাও দিয়েছেন।

অপরদিকে, ‘আবুল খায়ের সেরনিয়াবাত ওরফে খোকন সেরনিয়াবাতের পক্ষে অবস্থান নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের ১০ ওয়ার্ডের কাউন্সিলরা। এরা সবাই পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী। আওয়ামী লীগের একাংশের নেতারা বলছেন, ‘পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ আওয়ামী লীগের একটি গ্রুপ খোকন সেরনিয়াবাতের পক্ষে কাজ করছেন।

যদিও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক সহোচর মাহামুদুল হক খান মামুন এবং মীর আমিন উদ্দিন মোহন। কিন্তু মনোনয়ন প্রাপ্তির লড়াইয়ে তাদের পাশে দেখা যায়নি প্রতিমন্ত্রীর অন্যান্য অনুসারী বা সিটি করপোরেশনের ১০ কাউন্সিলরকে। ফলে বিগত নির্বাচনের মতো এবারও একাই মনোনয়ন পেতে লড়াই করছেন খান মামুন।

তবে আওয়ামী লীগের একটি মহল বলছে, সাদিক আবদুল্লাহ বাদে বাকি যে ছয়জন মনোনয়ন সংগ্রহ করেছে তারা সবাই একই ঘরানার লোক। মূলতঃ সাদিক আবদুল্লাহর মনোনয়ন ঠেকাতেই সংঘবদ্ধ হয়েছেন তারা। এরা সবাই এক দলের লোক হলেও দীর্ঘদিন ধরেই গ্রুপিং চলছে তাদের মধ্যে। তবে শেষ পর্যন্ত নির্বাচন রাজনীতিতে প্রতিমন্ত্রী গ্রুপ কতটা প্রভাব ফেলতে পারবে সেটাই এখন প্রশ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দলীয় নেতারা বলছেন, ‘সরকারি কোন বরাদ্দ ছাড়াই নিজস্ব আয়ে নগর উন্নয়নে ভূমিকা রেখেছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। তার ওপর বাবা আবুল হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সদস্য। বোর্ডের সভায় তাঁর মতামতের গুরুত্ব থাকবে বলেও মনে করেন বিশ্লেষকরা।


টিইউ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন