ঢাকা শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

Motobad news

গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম

গৌরনদীতে যুবদল নেতাকে কুপিয়ে জখম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গৌরনদী উপজেলায় যুবদলের এক নেতাকে স্থানীয় যুবলীগের কয়েকজন নেতা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার নলচিড়া ইউনিয়নের কালানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে। আহত ওই যুবদল নেতার নাম মো. নাসরুল খলিফা (৪০)। 

তিনি গৌরনদী উপজেলা যুবদলের সদস্য ও উপজেলার নলচিড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথম গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে দিবাগত রাত ১২টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নাসরুল খলিফার বড় ভাই গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. শামীম খলিফা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে তারাবিহর নামাজ শেষে বাড়ির পাশে চায়ের দোকানে যান নাসরুল। সেখানে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য টুকু মল্লিক (৪৫), আলী আসগর খোন্দকার (৩২) ও সোহেল মল্লিকের (৩৪) নেতৃত্বে ৫-৬ জন ধারালো অস্ত্রধারী রামদা, চাপাতি ও চাকুসহ অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালান। 

নাসরুলকে অনেকের সামনে কোপালেও ভয়ে কেউ রক্ষা করতে এগিয়ে যাননি। হামলাকারীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার অভিযোগের বিষয়ে জানতে নলচিড়া ইউনিয়ন যুবলীগের সদস্য টুকু মল্লিক (৪৫) ও আলী আসগর খোন্দকারের (৩২) মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। আর সোহেল মল্লিক ফোন ধরেননি।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘আমরা আহতকে উদ্ধার করে হাসপাতালের ভর্তির ব্যবস্থা করেছি। কে বা কারা হামলা করেছে, এখনো শনাক্ত করা যায়নি। এখনো কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন