আগৈলঝাড়ায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে গ্রাম পুলিশসহ আহত ৩

বরিশালের আগৈলঝাড়ায় বাড়ির জায়গায় নতুন ঘরের জন্য মাটি কাটা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশসহ ৩ জন আহত হয়েছে। এদের মধ্যে একজনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার ভালুকশী গ্রামের লিয়াকত আলী মৃধার ছেলে আসাদুজ্জামান মৃধা নতুন ঘর নির্মাণের জন্য মাটি কাটতে ছিল। তখন একই বাড়ির মনসুর আলী ফকিরের ছেলে মোক্তার ফকির নিজেদের জায়গা দাবী করে মাটি কাটায় বাঁধা প্রদান করে। এসময় উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হলে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত আসাদুজ্জামান মৃধা জানান, আমরা নতুন ঘর নির্মানের জন্য আমাদের বাড়ির পাশের জায়গা থেকে মাটি কাটতে ছিলাম। তখন আমাদের প্রতিপক্ষের মোক্তার ফকির মাটি কাটায় বাঁধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এসময় মোক্তার ফকিরের নেতৃত্বে ইব্রাহিম ফকির, পারুল ফকির ও সেলিম প্যাদা ধারালো দা দিয়ে এলোপাথারি শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আমার হাতের একটি আঙ্গুল বিছিন্ন করে।
তখন আমাকে হামলা থেকে রক্ষা করতে গেলে তাদের হামলায় আমার পিতা লিয়াকত আলী মৃধা ও ভালুকশী ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ ইমরান ফকির আহত হয়।
এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামান মৃধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। এঘটনায় আহত আসাদুজ্জামান মৃধার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
প্রতিপক্ষের মোক্তার ফকির জানান, বাড়ির বিরোধীয় জায়গার মাটি কাটায় তাদের বাঁধা দিলে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।
এব্যাপারে আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাটি কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর