বরিশালে গণতন্ত্র মঞ্চের মানববন্ধন অনুষ্ঠিত

গ্রেফতারকৃত বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে ণতন্ত্র মঞ্চের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলা সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ বরিশাল জেলার আহ্বায়ক আবু সাইদ মুসা, সদস্য সচিব রফিকুল ইসলাম রাসেল, গণসংহতি আন্দোলন জেলা কমিটির সদস্য সচিব আরিফুর রহমান মিরাজ, সদস্য হাছিব আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সদস্য সমিরন হালদার, ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মেহেদী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, 'বর্তমান জনসম্মতিহীন কর্তৃত্ববাদী সরকার জনগণের জীবন নিয়ে তামাশা করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে আগুন জ্বলছে। শ্রমজীবী ও মধ্যবিত্ত মানুষ হাস-ফাঁস করছে। মানুষের হাতে টাকা নেই, কিন্তু বাজারদর বাড়ছে প্রতিনিয়ত। বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার চূড়ান্তভাবে ব্যর্থ হচ্ছে। সরকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে, না সিন্ডিকেটই সরকারকে নিয়ন্ত্রণ করছে— তা নিয়ে মানুষের মাঝে প্রশ্ন তৈরি হয়েছে।'
বক্তারা আরো বলেন, 'সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিতে পারছে কারন এই সরকার জনগনের ভোটে নির্বাচিত নয়, জনগনের কাছে তাদের কোন দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই। একদিকে সরকার গুম, খুন, অপহরণ বিরোধী মত দমন, গ্রেফতার, হামলা, মামলা সহ জনগণের সমস্ত অধিকার হরণ করে চলেছে। অন্যদিকে গ্যাস, বিদ্যুৎ, তেল সহ নিত্যপ্রয়োজনিয় জিনিসপত্রের দাম বৃদ্ধি করে জনগণের পকেট কাটছে। জনগণের টাকায় গড়ে তোলা রাষ্ট্রীয় কোষাগার উজাড় করে সেই টাকা বিদেশে পাচার করছে ঘনিষ্ঠজনরা। এরকম জবরদস্তি ও জবাবদিহিতাহীনভাবে একটি দেশ চলতে পারে না। এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে জনগনের দুর্ভোগ ক্রমাগত বাড়তেই থাকবে। এই সরকারকে বিদায় দিয়ে মানুষের পক্ষের সরকার প্রতিষ্ঠা করা এখন প্রধান কাজ।'
এইচকেআর