বরিশালে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের বিক্ষোভ

বরিশাল বিভাগের সরকারি কলেজে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির বেসরকারি (মাস্টাররোল) কর্মচারীরা দুই দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার সকাল ১১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সকল সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন বিভাগীয় কমিটির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় তারা বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত করা ও চাকরি সরকারিকরণের পর যোগদানের দিন থেকে স্কেল অনুযায়ী বেতন ভাতা দেওয়ার দাবি জানান।
সংগঠনের সভাপতি ইউসুফ মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কার্যকরী সভাপতি মানিক মৃধা, বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি হামিদুল ইসলাম, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মৃধা মো. নাসির উদ্দিন।
সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতের ব্যাপক উন্নয়ন করলেও আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটেনি। ২৫ বছর চাকরি করার পরও আমাদের বেতন তিন থেকে সাত হাজার টাকা।
তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদের সংসার পরিচালনার ব্যয় মিটাতে হিমশিম খেতে হচ্ছে। তাই অবিলম্বে দাবি পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করেন বেসরকারি কর্মচারী নেতৃবৃন্দ।
এইচকেআর