ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

১০ দফা দাবিতে বরিশালের তিন থানায় বিএনপির পদযাত্রা

১০ দফা দাবিতে বরিশালের তিন থানায় বিএনপির পদযাত্রা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলন করছে বিএনপিসহ সমমনা দলগুলো।

তারই অংশ হিসেবে শনিবার সকালে পৃথকভাবে বরিশালের তিনটি থানার আওতাধীন আমতলার মোড়, কাউনিয়া বিসিক ও কাশিপুর থেকে একযোগে পদযাত্রা বের হয়। যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসব পদযাত্রার নেতৃত্বে ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এরমধ্যে সকাল সাড়ে ১০টায় নগরীর আমতলার মোড় এলাকা থেকে পদযাত্রা করে বরিশাল কোতয়ালী মডেল থানা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর-বীর উত্তম।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি জাকির হোসেন নান্নু ও মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ কোতয়ালী থানা বিএনপির নেতৃবৃন্দ।

পদযাত্রাটি নগরীর আমতলার মোড় বিজয় বিহঙ্গ থেকে শুরু করে বান্দরোড শের-ই-বাংলা মেডিকেল করেজের সামনে হয়ে চাঁদমারি এলাকায় গিয়ে শেষ হয়।

এর আগে আমলার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগের সৃষ্টি। আমরা সেই তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এছাড়া নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদ, কারা বন্দীদের মুক্তি, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ে সবাইকে এক হয়ে আন্দোলন করার আহবান জানান তিনি।

অপরদিকে, কাউনিয়া থানার পদযাত্রা শুরু হয় বিসিক এলাকা থেকে। যা আমানতগঞ্জ সোনালী আসক্রিম মোড়ে শেষ হয়। এই পদযাত্রার নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

এসময় আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ ও হায়দার আলী লেলিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাকসুদুর রহমান মাসকুদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন।

এসময় প্রধান অতিথির বক্তৃতৃতায় মজিবর রহমান সরোয়ার বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, বিএনপি চায় সৎ ভালো নির্বাচিত কমিশন গঠন হোক। শেখ হাসিনা অতীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলেন। আজকে তিনিই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন।

তিনি বলেন, আমাদের বুঝতে হবে এই সরকার পেশিশক্তির কথা বলে, কথায় কথায় জেল জুলুম নির্যাতন করে। তাই আমাদের ভোটের অধিকারের জন্য আরেকটি মুক্তিযুদ্ধ দরকার। এই সরকার দেশের টাকা লুট করছে। এই সরকারের কাছে স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থাসহ কোন কিছুই নিরাপদ নয়। আমরা আওয়ামী লীগকে বিশ্বাস করি না। এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না। তাই জনগণের ভোটাধিকার নিশ্চিতের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এদিকে, একই সময় এয়ারপোর্ট থানার পদযাত্রা কাশিপুর বাজার থেকে শুরু হয়ে বরিশাল-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে শেষ হয়। এর নেতৃত্ব দেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

এসময় বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন, দুলাল হোসেন, প্রফেসর আমিনুল ইসলাম ও মেজবাহ উদ্দিন ফরহাদ, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল প্রমুখ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন