ঢাকা শনিবার, ০১ অগাস্ট ২০২৬

Motobad news

বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

বরিশালে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল নগরীতে রাতের আধারে জানালার গ্রিল কেটে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতিতে অংশ নেওয়া ব্যক্তিরা সকলেই কিশোর বয়সী, বলেন শুদ্ধ বাংলায় কথাও। এমনটাই দাবী করেছেন ভুক্তোভোগী পরিবারটি। তাদের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে ডাকাতির এই ঘটনা। এদিকে জড়িতদের ধরতে ব্যবস্থা গ্রহণের কথা জানায় পুলিশ। 

শনিবার দিবাগত রাত ৩ টায় জানালার গ্রীল কেটে বাসায় প্রবেশ করেন ৮ থেকে ১০ জনের মুখোশ পরিহিত ডাকাত দল।

এরপর অস্ত্রের মুখে ঘরে থাকা ৩ নারী ও ২ পুরুষ সদস্যকে জিম্মি করে লুট করে নেয়া হয় চার লক্ষ টাকা ও ১৪ ভরি স্বর্নালঙ্কার সহ মূল্যবান মালামাল।

বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা এলাকায় ব্যবসায়ী হাফিজ হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হাফিজ হাওলাদার জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী তাদের ঘরে ডাকাতি হয়েছে। ডাকাত দলের সব সদস্যরাই বয়সে কিশোর। মুখ ঢাকা থাকলেও পরা ছিলো জিন্সের প্যান্ট ও টি শার্ট। ঘন্টাব্যাপী চলা ডাকাতিতে কোন ধরনের বাধা দিলে হত্যার হুমকিও দেন ডাকাত দলের সদস্যরা। 

তিনি বলেন, যারা ডাকাতি করতে এসেছিলো তারা সকলেই শুদ্ধ ভাষায় কথা বলছিলো। এমন ডাকাতি বা এমন ডাকাত আমি কখনো দেখিনি। যার হাতে বন্দুক ছিলো সে বেশি শুদ্ধ ভাষায় কথা বলে। আমি চেষ্টা করছিলাম ওদের প্রতিহত করার, কিন্তু আমাকে ওরা মারতে উদ্যত হলে আমার মেয়ে ডাকাতদের থামিয়ে সব নিয়ে যেতে বলে। এক ঘন্টার মত ডাকাতরা আমার বাসায় তান্ডব করছে। যাওয়ার সময় বলে গেছে চিৎকার করলে জানালা দিয়ে গুলি করবে, রাস্তায় দেখলে গুলি করবে। 

হাফিজ হাওলাদারের স্ত্রী বলেন, ডাকাতদল প্রথমে আমার বাসায় মেহমানের রুমে প্রবেশ করে। তাদের বেধে রেখে। তারপর আমার মেয়ের রুমে যায়, আমার মেয়ে চিৎকার দিলে তাকে হত্যা করার হুমকি দেয়। এরপর মেয়েকে সাথে নিয়ে আমাদের রুমে ঢুকে আমাদের বেধে ফেলে। তারপর আমার স্বামী চিৎকার দিলে তাকে গুলি করার চেষ্টা করে বার বার। সবশেষ তাকে ওয়াদা করায় চিৎকার না করার জন্য। তাতেও কাজ না হলে আমার মেয়েকে ধর্ষণ করার হুমকি দেয় ডাকাতরা। তারপর আমার আর মেয়ের সাথে যে স্বর্নলঙ্কার সহ সব খুলে দেই। 

আর নগরীর মধ্যে ডাকাতির এমন ঘটনায় আতঙ্কিত স্থানীরা। স্থানীয় মোতালেব সিকদার বলেন, আমরা কিছুদিন আগেও বরিশালজুড়ে ডাকাত আতংকে নির্ঘুম রাত কাটিয়েছি। নগরীর মধ্যে তো আমরা কোনো সময় ডাকাতির খবর পাইনি। এরকম ঘটনায় আমরা বেশ আতংকিত।

এই বিষয়ে বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন,  এখানে ডাকাতির মত ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করছি আমরা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, গত ১ মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় এই নিয়ে ২টি ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া বরিশাল জেলার বিভিন্ন স্থানে গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছর পর্যন্ত বেশ কয়েকটি ডাকাতির খবর পাওয়া গেছে। পাশাপাশি কয়েক মাস আগে ডাকাত আতংকে বরিশাল নগরী ও জেলার বিভিন্ন স্থানের মসজিদের মাইক থেকে সতর্ক করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন