আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশালে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি ) সকাল ১০ টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, বিএমপি কমিশনার মো. সাইফুল ইসলাম বিপিএম-বার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন, ভাষার জন্য বঙ্গবন্ধুর অশেষ অবদান রয়েছে। ১৯৪৮ সালের ১১ মার্চ সাধারণ ধর্মঘটে সচিবালয়ের গেট থেকে বঙ্গবন্ধুকে আটক করা হয়। ১১ সেপ্টেম্বর ভাষার জন্য বঙ্গবন্ধু কারাগারে যান। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিও তিঁনি কারাগারে ছিলেন। তিনি আরও বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহার করতে হবে। ইংরেজি ভাষা ব্যবহার করবো তবে বাংলাকে বাদ দিয়ে নয়। পৃথিবীতে প্রায় সাত হাজার ভাষা আছে। সব ভাষা আন্তর্জাতিকভাবে পালন করা হয় না। বাংলা ভাষাকে ইউনেস্কো এ সম্মান দিয়েছে।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে বই ও সনদপত্র বিতরণ করা হয় ।
এইচকেআর