‘শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে’

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব:) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে হবে। তিনি বলেন, সারাক্ষণ শুধু পড়ো পড়ো করলে ছোট ছেলেমেয়েদের ভালো লাগে না। খেলাধুলার মধ্য দিয়ে তাদের পড়ালেখা শেখাতে হবে। তবেই সেটা ফলপ্রসূ হবে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা গড়তে চেয়েছেন। ‘৭৫ সালে তাঁর এই স্বপ্নকে একদল ঘাতক বাস্তবায়ন করতে দায়নি। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ দেশ স্মার্ট বাংলাদেশ হতে যাচ্ছে। তিনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর একটাই চিন্তা চেতনা, বাংলাদেশের মানুষ বিশ্বে মাথা উচু করে দাঁড়াবে।
এ সময় শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা প্রদানের ওপর গুরুত্ব আরোপ করে প্রতিমন্ত্রী বলেন, আমরা শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চাই। যাতে তাঁরা পরিবর্তিতে বিশ্বের সঙ্গে তাল মেলাতে পারে। এ কথা মাথায় রেখেই সরকার শিক্ষা ব্যবস্থার সার্বিক মানোন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. আলী আশরাফ ভূঞা, বরিশাল মহানগর যুবলীগের আহবায়ক মো. নিজামুল ইসলাম নিজাম, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো. রিয়াদুল ইসলাম, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুবা হকসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দরা। এসময় এক সংক্ষিপ্ত আলোচনা শেষে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এইচকেআর