আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বরিশাল রেঞ্জের ডিআইজি এস.এম আক্তারুজ্জামান বলেন, বিগত সময়ের থেকে পুলিশ খেলাধুলাসহ সামাজিক অন্যান্য কর্মকাণ্ডে অনেক এগিয়ে যাচ্ছে। কাবাডিসহ কিছু ট্রেডিশনাল গেম, কালের বিবর্তনে যা হারিয়ে যাচ্ছিলো, সেগুলো পুলিশই আবার ফিরিয়ে আনছে। আমরা সকল ধরনের খেলাধুলায় মনযোগী। প্রধানমন্ত্রীও পুলিশের জন্য আলাদা স্পোর্টস কমপ্লেক্স করার চিন্তা করেছেন। যেটি হলে আমাদের ছেলেমেয়েরা খেলাধুলায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
বুধবার (১১ জানুয়ারি) সকালে নগদ এর সহযোগীতায় জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন্সের মাঠে আন্তঃজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নগদকে ধন্যবাদ জানিয়ে ডিআইজি বলেন, আজকের মতো ভবিষ্যতেও আপনারা থাকবেন আমাদের পাশে। খেলাধুলার জন্য মাঠের সল্পতা থাকায় আমাদের এ মাঠে আমাদের ছেলেদের পাশাপাশি বাহিরের ছেলেরা খেলাধুলাও করছে। আমরা এ মাঠটিকে আগের থেকে অনেক উন্নত করেছি, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম-বিপিএম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ফারুক উল হক-পিপিএম, নগদ লিমিটেডের এক্সটার্নাল অ্যাসফেয়ার্স ডিভিশনের পরিচালক লেঃ কর্নেল (অবঃ) মো. কাওসার সওকত আলী, অতিরিক্ত পরিচালক এম মাহবুব আলম-পিপিএম, বরিশাল জেলা ক্রিড়া অফিসার হুসাইন আহমেদ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার।
উল্লেখ্য এ টুর্নামেন্টে ৬ জেলার ৬ টি ও রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এর সদস্যদের একটিসহ মোট ৭ টি দল অংশগ্রহন করছে। উদ্বোধনী ম্যাচটি পিরোজপুর ও ঝালাকাঠি জেলা পুলিশ দলের মধ্যে অনুষ্ঠিত হয়।
এইচকেআর