গৌরনদীতে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব কসবা গ্রাম থেকে রোববার সকালে স্বর্না বেগম (২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার পরপরই গৃহবধুর স্বামীসহ স্বশুর পরিবারের সবাই গা ঢাকা দিয়েছে।
গৌরনদী মডেল থানা সূত্রে জানাগেছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামে স্বামীর টিনের বসত ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলে থাকতে দেখে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগন তখন তাকে মৃত ঘোষণা করে। এর পরপরই স্বাস্থ্য কমপ্লেক্সে লাশ ফেলে রেখে স্বামীসহ তার শ্বশুর পরিবারের সবাই গা ঢাকা দেয়।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, প্রেমের সম্পর্ক গড়ে ওঠার এক পর্যায়ে গত দেড় বছর পূর্বে উপজেলার বড় কসবা গ্রামের শিপন সরদারের মেয়ে স্বর্না বেগমের পার্শ্ববর্তি পূর্ব কসবা গ্রামের গার্মেন্টস দোকানী মাসুম খান এর সাথে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বর্না বেগম এক প্রতিবেশীর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে স্বামীর সাথে তার পারিবারিক কলহ বিবাদ শুরু হয়। এ কলহের এক পর্যায়ে রোববার সকালে অপমৃত্যুর ঘটনাটি ঘটে। তাবে এটি হত্যা না আত্মহত্যা পুলিশ তা নিশ্চিত বলতে পারেনি।
গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, এ ঘটনায় গৃহবধুর বাবা শিপন সরদার বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এইচকেআর