পিকআপ চাপায় বৃদ্ধ নিহত, আহত ৩

বরিশালের গৌরনদীতে পিকআপের নিচে চাপা পড়ে আজিজ মৃধা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (১৮ জুন) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিন পথচারী।
আহতদের উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন।
তিনি জানান, খালি পিকআপটি বরিশাল থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। এটি বাটাজোর এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পাশে নেমে যায়। তখন পিকআপের চাপায় আজিজ মৃধা নামের ওই বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় ওই পিকআপের সঙ্গে থাকা কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।
এমইউআর