মেহেন্দিগঞ্জে ২টিতে আ.লীগ ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মোট ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাকি দুটি ইউপির ভোট স্তগিত করে নির্বাচন কমিশন।
নির্বাচনে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নে দুটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বাকী দুটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
জানাগেছে, ভোট গননা শেষে মেহেন্দিগঞ্জের চরএকরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবদুল মকিম তালুকদার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম বেলাল মোল্লা নির্বাচিত হয়েছে। অপর দুটি ইউপিতে লতা ইউনিয়নে ঘোড়া প্রতীকের প্রার্থী আবু রাসেদ মনি ও জয়নগর ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মনির হোসেন হাওলাদার নির্বাচিত হয়েছেন।
পটুয়াখালীতে ৫টিতে নৌকার জয় :
পটুয়াখালীর তিনটি উপজেলার মোট ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতটি ইউপির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে পাঁচটিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
এছাড়া ২টি ইউপির একটিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হাতপাখা, অপরটিতে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হন।
বেসরকারি ফলাফলে বিজয়ী চেয়ারম্যানরা হলেন-পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুরে সালমা জাহান নৌকা, ইটবাড়িয়া ইউপিতে মো. মোজাম্মেল জোমদ্দার নৌকা, জৈনকাঠী ইউপিতে এ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ মোহসীন নৌকা, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউপিতে আনছার উদ্দিন মোল্লা নৌকা ও দশমিনা উপজেলার চর বোরহান ইউপিতে নজীর আহমেদ সরদার নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন।
এছাড়া কলাপাড়া উপজেলার ধূলাসার ইউপিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ হাফেজ আব্দুর রহিম হাতপাখা, সদর উপজেলার মৌকরন ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে রাইসুল ইসলাম সেলিম জয়লাভ করেছেন।
পিরোজপুরের ২ ইউপিতে পরাজিত নৌকা :
পিরোজপুরের নাজিরপুর উপজেলার ২ ইউপিতে বিপুল ভোটে পরাজিত হয়েছেন নৌকার প্রার্থীরা। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।
পিরোজপুর জেলার ২টি ইউনিয়নে নির্বাচন বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ইউনিয়ন দুইটি হল নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ও দেউলবাড়ি-দোবড়া।
কলারদোয়ানিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের কবির হোসেনকে পরাজিত করে স্বতন্ত্র আনারস প্রতীকের হাসানাত ডালিম চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। ডালিম বিএনপির রাজনীতির সাথে জড়িত।
অপরদিকে দেউলবাড়ি-দোবড়া ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাস্টার মো. ওয়ালিউল্লাহকে হারিয়ে চশমা প্রতীকের প্রার্থী এফএম রফিকুল আলম বাবুল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এএজে