সাতসকালে স্বস্তির বৃষ্টি, নদী বন্দরে সতর্কসংকেত জারি

অসহ্য গরমের পর বরিশালে প্রত্যাশিত বৃষ্টির দেখা মিলেছে। এতে করে গত কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে নগরবাসী। শনিবার সকাল ৭ টার দিকে বরিশালে ঝড় শুরুর কিছুক্ষণ পরই বৃষ্টি হয়।
এদিকে তাপমাত্রা খুব বেশি না হলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছিল মানুষ। এতে কয়েকদিন ধরে চলা অস্বস্তিকর গরমে স্বস্তি ফিরেছে জনজীবনে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক প্রণব কুমার রায় বলেন, সকাল ৭টা ৩৯ মিনিটে বৃষ্টি শুরু হয়ে ৯টায় শেষ হয়েছে। এসময় ৩৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। বৃষ্টির সময় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘণ্টায় ৫৯ কিলোমিটার।
এদিকে দুপর ১২ টা পর্যন্ত বরিশাল নদী বন্দরের জন্য ২ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুপরের পর তা আরো বাড়তে পারে বলে তিনি যোগ করেন।
এমইউআর