ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

সবজি ক্ষেতে নিয়ে কিশোরীকে যুবলীগ কর্মীর ধর্ষণ

সবজি ক্ষেতে নিয়ে কিশোরীকে যুবলীগ কর্মীর ধর্ষণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই কিশোরীর মুখে কাপড় চেপে ধরে বাড়ি থেকে সবজি ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে নজরুল নামে এক যুবলীগ কর্মী।

এ ব্যাপারে ভিকটিমের বড়ভাই বাদী হয়ে বার্থী ইউনিয়ন যুবলীগের কর্মী সবজিচাষি নজরুল বেপারী (৪০) ও রাসেল বেপারীকে (৩৬) আসামি করে বুধবার গভীর রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ কমলাপুর গ্রামের মুক্তিযোদ্ধা হাচেন আলী সরদারের এক একরের বেশি জমি লিজ নিয়ে সবজি চাষ করে আসছেন বার্থী গ্রামের যুবলীগ কর্মী নজরুল বেপারী ও তাঁরাকুপি গ্রামের রাসেল বেপারী। ওই সবজি ক্ষেতে যাতায়াতের সুবাদে নজরুল ওই কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিয়ে আসছিল।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে কিশোরী ঘরের বাইরে বের হয়। এ সময় ওতপেতে থাকা নজরুল ওই কিশোরীর মুখে কাপড় দিয়ে সবজি ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই কিশোরীর ডাকচিৎকারে বাড়ির লোকজন ছুটে আসলে সহযোগী রাসেল তার মোটরসাইকেল ফেলে রেখে নজরুলকে নিয়ে নজরুলের মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই মো.  সুশান্ত কুমার জানান, খবর পেয়ে ঘটনার দিন রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ভিকটিমের বড়ভাই বাদী হয়ে অভিযুক্ত নজরুল বেপারী, সহযোগী রাসেল বেপারীকে আসামি করে বুধবার গভীর রাতে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

তিনি জানান, আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে বৃহস্পতিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও আদালতে ২২ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে।

অভিযুক্ত আসামি যুবলীগ কর্মী নজরুল বেপারী ও রাসেল বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, সবজি চাষকৃত জমির মালিকানা নিয়ে বিরোধ থাকার কারণে আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি। পুলিশ সঠিক তদন্ত করলে ঘটনাটি সাজানো নাটক বলে প্রমাণিত হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন