ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, সেনাসদস্য আহত

বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, সেনাসদস্য আহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ইসমাইল হোসেন নামের একজন সেনা সদস্য।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ১১টার দিকে মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় নিশান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসেন সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালকের নাম আনোয়ার গাজী (৪০)। এ ঘটনায় ঘাতক বাসটি স্থানিয়দের সহযোগিতায় পুলিশ আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

তথ্য নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক মো. আবদুল হালিম বলেন, মাদারীপুর থেকে বরিশালগামী নিশান পরিবহনের একটি বাসের সাথে ব‌রিশাল থেকে উ‌জিরপুরগামী ভাড়ায় চালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটরসাইকেল চালক আনোয়ার গাজীর। মোটরসাইকেলের যাত্রী সেনাবাহিনীর সদস্য ইসমাইল হোসেনকে আহত অবস্থায় প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা। এছাড়া নিহত আনোয়ার গাজীর মৃতদেহ শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশের ওই কর্মকর্তা বলেন, হতাহতের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে নিহতের ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন