ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ট্যাক্স কার্ড ও সম্মাননা পুরস্কার পেল বসুন্ধরা গ্রুপ

     ট্যাক্স কার্ড ও সম্মাননা পুরস্কার পেল বসুন্ধরা গ্রুপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড গত পাঁচ বছরের ধারাবাহিকতায় এবার ষষ্ঠবারের মতো ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে এ সম্মাননা প্রদান করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২০-২০২১ অর্থবছরে ব্যক্তি শ্রেণিতে ৭৫ জন, কম্পানি শ্রেণিতে ৫৪ জন ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ জন করদাতাকে ‘ট্যাক্স কার্ড ও সম্মাননা’ দেওয়া হয়েছে।

    গতকাল বুধবার রাজধানীর অফিসার্স ক্লাবে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের হাত থেকে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ট্যাক্স কার্ড ও সম্মাননা গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের (সেক্টর-বি) হেড অব ফাইন্যান্স (ট্রেজারার) নুরে আলম সিদ্দিকী।

    এনবিআর চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন।

    ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের মালিকানাধীন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হলো কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ইংরেজি পত্রিকা ডেইলি সান, অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর ডটকম, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন, টি-স্পোর্টস ও রেডিও ক্যাপিটাল ৯৪.৮।

    অনুষ্ঠানে অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, রাষ্ট্রের উন্নয়নে, দেশের উন্নয়নে কিছু করার জন্য দায়বদ্ধতা থেকেই যোগ্য সবাইকে কর দেওয়া উচিত। আপনারা যে কর দিচ্ছেন সেই করের টাকা দিয়ে সরকার বিনিয়োগ করে দেশের উন্নয়নের জন্য।’

    অর্থমন্ত্রী বলেন, ২০০৫-২০০৬ অর্থবছরে আয়কর আদায় ছিল মাত্র সাত হাজার কোটি টাকা। বর্তমানে তা ১২ গুণ বেড়ে হয়েছে প্রায় ৮৫ হাজার কোটি টাকা। ২০০৫-০৬ অর্থবছরে মোট রাজস্ব আদায় ছিল ৩৪ হাজার কোটি টাকা। বর্তমানে সাড়ে সাত গুণ বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৫৯ হাজার কোটি টাকা। এটা একটা অসাধারণ অর্জন। এই অর্জন সম্ভব হয়েছে আপনাদের কারণে।

    মুস্তফা কামাল বলেন, খাঁটি মুসলমান হতে হলে পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে হবে। আমাদের ব্যবসায়ী, অর্থশালী ও বিত্তশালীদের প্রতি আহ্বান থাকবে তাঁরা যেন তাঁদের প্রতিবেশীদের সহায়তা করেন। যে অর্থ কর হিসাবে দেন তা সরকার উন্নয়ন কাজে বিনিয়োগ করে।

    গত এক দশকে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘গত ১০ বছরে ৭.৪ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মাথাপিছু আয়ে দেশ ভারতকে ছাড়িয়ে গেছে। অর্থনীতির সব মানদণ্ডে করোনার মধ্যেও সবার ওপরে বাংলাদেশ।’

    এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘আয়কর দিবসের অনুষ্ঠানে যে ট্যাক্স কার্ড দেওয়া হয় তার সুফল করদাতারা পান না। ট্যাক্স কার্ডে প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। একই সঙ্গে কর ব্যবস্থা আরো সহজ ও স্বচ্ছ করা হলে রাষ্ট্রের রাজস্ব আয় বাড়বে। সেই সঙ্গে করদাতার সংখ্যাও বাড়বে।’

    এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘করদাতা পরিষ্কারভাবে দেখতে পান, কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নতি হয়। কেন আমি কর দিই, কর দিয়ে কী হবে—এই প্রশ্নের উত্তর করদাতারা পেয়েছেন বলেই তাঁরা কর দিতে উৎসাহী হন। আমাদের ব্যক্তি পর্যায়ে কর প্রদানের সক্ষমতা বাড়ছে। সবাইকে করজালের আওতায় নিয়ে আসব। আর তা হলে করহার কমবে। করজাল বাড়াতে এনবিআরকে ডিজিটাল ও অটোমেশন করার কাজ শুরু করা হয়েছে।’

    প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে সেরা ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড ছাড়াও মিডিয়া স্টার লিমিটেড, ট্রান্সক্রাফট লিমিটেড ও সময় মিডিয়া লিমিটেড ট্যাক্স কার্ড ও সম্মাননা পেয়েছে।

    ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন। সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যা সুবিধা পাবেন।

    এ ছাড়া স্বামী-স্ত্রী, নির্ভরশীল পুত্র-কন্যা নিজেদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে কেবিন সুবিধা পাবেন। বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার এবং তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তাঁরা।

     

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ