আওয়ামী লীগের আমলে ‘গুম’ শব্দটি শুনেছি: রিজভী

২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার লাশ গুম করেছে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না উল্লেখ করে ক্ষমতাসীনদের উদ্দেশ্যে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, গুম শব্দটি আমরা তো আগে শুনিনি। এই আওয়ামী লীগ সরকারের আমলে গুম কি ও কত প্রকার তা জানতে পেরেছি। আগে এই গুম শব্দটি পরিচিত ছিল না।
রিজভী বলেন, এ সরকারের আমলেই গুম শব্দটি পরিচিতি পেয়েছে এবং অনেক ছাত্র-মানবাধিকারকর্মী যারা অধিকার আদায়ের কথা বলে তারা গুম হয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলায় তৎকালীন বিএনপি সরকার লাশ গুম করেছে এ ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে পারবেন না। দেশের জনগণ আপনাদের কথায় বিভ্রান্ত হয় না। দুর্নীতি ও নেতাদের পকেট ভারী করার ক্ষেত্রে আওয়ামী লীগ সফল। এছাড়া অন্য কোনো যোগ্যতা বা সফলতা আপনাদের নেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজ কতদিন থেকে স্কুল-কলেজ বন্ধ অথচ এই বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই। আজ বিশ্বে নানাভাবে শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করছে অথচ আপনি পারছেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, দেশের জনগণ বুঝতে পেরেছে। দেশের জন্য জনগণের জন্য কাজ করে দেশপ্রেমিক রাজনৈতিক দল বিএনপি। এবং এই দলের যিনি প্রধান তিনি কথা দিয়ে কথা রাখেন। তার পক্ষে জনগণ বিরোধী কোন কাজ করা সম্ভব নয়। এ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার স্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নয়ন ও উৎপাদনে অবদানের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই নাম কোনোভাবে মুছা যাবে না। বঙ্গোপসাগরের সমস্ত পানি দিয়ে মুছে ফেলার চেষ্টা করলেও কোনো লাভ হবে না।
সংগঠনের সভাপতি সঞ্জয় দে রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক গৌতম চক্রবর্তী, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
এইচেকআর